সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

আড়াইহাজার, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্ক।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ জন সক্রিয় সদস্য রয়েছেন।
১৩ জনের মধ্যে পুরোনো মামলায় ১১ জন, নিয়মিত মামলায় একজন এবং জিআর পরোয়ানামূলে একজন রয়েছেন। পুরোনো মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক। তাঁরা হলেন আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকার জিসান (২৪), গিরদা চৌধুরীপাড়া এলাকার সিয়াম (১৯), খানপাড়া এলাকার ইমন (২৪), গিরদা চৌধুরীপাড়া এলাকার আব্দুল আহাদ (১৯), নতুন বান্টি এলাকার সোহাগ (২৫) এবং সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও এলাকার পারভেজ হোসেন (১৯)।
এ ছাড়া নিয়মিত মামলায় নরসিংদীর শিবপুরের বাসিন্দা ও বর্তমানে আড়াইহাজারের লেঙ্গুরদী এলাকায় বসবাসকারী মোর্শেদ আলম ভূঞা (৩৯) এবং জিআর পরোয়ানামূলে পাঁচরুখী এলাকার মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বাকি পাঁচজনের বয়স ১৮ বছরের নিচে। শিশু হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের পক্ষ থেকে শিশু আদালতে আবেদন করা হয়েছে।
পুলিশের আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট মামলার আসামিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য। অভিযোগ অনুযায়ী, তাঁরা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন। এ সময় পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর এবং সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধনের ঘটনা ঘটে। আবেদনে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারার উল্লেখ রয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘গতকাল রাতে আমার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়েছে।’