শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু শেরপুর প্রতিনিধি-
শেরপুর মেডিকেল কলেজ স্থাপনের স্থান নির্ধারণ প্রসঙ্গে বিশেষ প্রস্তাবনা শেরপুর জেলাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ‘শেরপুর মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করায় কর্তৃপক্ষের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই প্রতিষ্ঠানের স্থান নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে নানা মতামত থাকলেও, ভৌগোলিক অবস্থান এবং বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রাপ্তির সহজলভ্যতার বিষয়টি বিবেচনা করা অত্যন্ত জরুরি।সেই প্রেক্ষিতে, শেরপুর জেলার উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকা তথা নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী, নন্নী, বারোমারী ও ভায়ডাঙ্গা এবং পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ, রাইমারী ও করতেমারী সহ একটি বিশাল অঞ্চলের অবহেলিত ও প্রান্তিক মানুষ উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদরের ওপর নির্ভরশীল। এই বিস্তীর্ণ ও বৃহৎ অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান সংযোগস্থল হলো নওহাটা এবং খোয়ারপাড় এলাকা।উল্লিখিত অঞ্চলের লাখ লাখ মানুষের যাতায়াতের সুবিধা, দ্রুততম সময়ে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং ভৌগোলিক উপযোগিতা বিবেচনা করলে নওহাটা-খোয়ারপাড় সংলগ্ন এলাকাটিই মেডিকেল কলেজ স্থাপনের জন্য সবচেয়ে যৌক্তিক ও জনকল্যাণমুখী স্থান হিসেবে প্রতীয়মান হয়।এই বৃহৎ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে এবং দীর্ঘমেয়াদী জনস্বার্থ বিবেচনায় শেরপুর মেডিকেল কলেজের স্থান নির্ধারণে উক্ত প্রস্তাবটি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।শেরপুর মেডিকেল কলেজ হাসপাতাল নওহাটা খোয়ার পাড় আমাদের ৯ নং ওয়ার্ডে হোক এই প্রত্যাশাই করি।