• হোম
  • রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরাল বিজিবি

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪ বার

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরাল বিজিবি

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দীর্ঘ প্রচেষ্টার পর দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদেরকে গ্রহণ করে টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসা হয়। ফেরত আনা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং একজন রোহিঙ্গা।

বিজিবি সূত্র জানায়, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে অসতর্কতাবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে। এ সময় আরাকান আর্মি তাদেরকে আটক করে মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন শিবিরে নিয়ে যায়।

আটক জেলেদের উদ্ধারে বিজিবির কক্সবাজার অঞ্চলের পক্ষ থেকে মানবিক দিক বিবেচনায় নিয়ে আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় করা হয়। দীর্ঘ আলোচনা শেষে শনিবার তাদেরকে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেছেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সব সময় অঙ্গীকারবদ্ধ। মানবিক সংকট নিরসনে বাহিনীর পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এ উদ্ধার কার্যক্রম সফল হয়েছে।”

তিনি আরো বলেন, “ফেরত আসা জেলেদের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এখনো যারা আটক আছেন, তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত আছে।”

 

 

 

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ